কমবে ‘হঠাৎ লোডশেডিং’

১৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৮:২০  

তিন দিন বন্ধ থাকার পর আবারও আংশিকভাবে উৎপাদন শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের ১ নম্বর ইউনিট। এতে কয়েক দিন ধরে চলমান লোডশেডিং কমবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে কেন্দ্রের ১ নম্বর ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে শুরুতে ৬০ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

মো. আবু বকর সিদ্দিক জানান , ২০২০ সালের নভেম্বর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে। ৯ সেপ্টেম্বর ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হওয়ায় ৩ নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। ১ নম্বর ইউনিটটি বহুদিনের পুরোনো। গত ৬ সেপ্টেম্বর রাতে সংস্কার কাজের জন্য সেটিও বন্ধ করা হয়েছিল। মেরামত শেষে আজ রাত ৮টা ৩২ মিনিট থেকে ১ নম্বর ইউনিটটি চালু করা হয়েছে। ওই ইউনিটটি ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন হলেও তা থেকে প্রতিদিন ৬০-৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়। যা জাতীয় গ্রিডে যোগ করা হচ্ছে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানানো হয়েছে, তারা ১৫ দিন সময় চেয়েছে। চীন থেকে মেশিন এলেই ৩ নম্বর ইউনিটও চালু করা সম্ভব হবে। 

এর আগে, গত ৯ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। এছাড়া তাপবিদ্যুৎকেন্দ্রের ২ নম্বর ইউনিট বন্ধ রয়েছে ২০২০ সালের নভেম্বর থেকে। ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট বন্ধ হয় চলতি বছরের জুলাইয়ের শেষের দিকে।